সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্যের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তুলে ধরেছে দলটি।

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে জাতীয় ঐক্যের উদ্যোগ শুরু করা যেতে পারে। এসব বিষয়ে সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বলে জানান নাহিদ ইসলাম।