তৈরি পোশাক খাতে অস্থিরতার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এসব অর্ডারের বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএর জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে উৎপাদন বিঘ্নে ৩১৭টি কারখানার সরাসরি ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার। এসব কারখানার উৎপাদন এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ ছিল।

বিজিএমইএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে তথ্য দিয়েছে ৩১৭টি কারখানা। উৎপাদন বন্ধ ও জাহাজীকরণে দেরির কারণে অন্য অর্ডারগুলোও ঝুঁকিতে পড়েছে। সময়মতো পণ্য পাঠাতে কিছু কারখানাকে ব্যয়বহুল আকাশপথে পরিবহন ও মূল্যছাড়ের মতো পদক্ষেপ নিতে হচ্ছে। কিছু অর্ডার বাতিলের আশঙ্কাও রয়েছে।

জরিপের সময়সীমা ছিল ১৮ নভেম্বর পর্যন্ত। শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ।