নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক আব্দুস সালাম।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল। এর আগে গত ২৮ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিলে চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক আমান উল্লাহ সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
আদালতে যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি নিজের ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চান বলে জানা গেছে। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেননি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।
কমিউনিটির কথা বলে