যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ কমিউনিটি নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রয়্যাল এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা সুহাইল ইবনে আজিজ রানা আর নেই। গত ১৮ নভেম্বর বুধবার লন্ডনে ৮৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ২১ নভেম্বর শনিবার জানাজা শেষে তাঁকে বেকেনহ্যাম কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম হোসেইন এমবিই, সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, ড. মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর বলেন, সুহাইল ইবনে আজিজ রানা ছিলেন একজন মানবিক, সাহসী ও দূরদর্শী ব্যক্তিত্ব। প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, অধিকার ও কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

১৯৩৭ সালের ৩ অক্টোবর সিলেটের ওসমানীনগরে জন্মগ্রহণ করেন সুহাইল ইবনে আজিজ রানা। কর্মজীবনে তিনি পাকিস্তান নৌবাহিনী, ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাজ্যে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিষ্ঠাকালীন অন্যতম উপদেষ্টা ছিলেন। তাঁর আত্মজীবনী Breakthrough: Memoir of a British-Trained Bangladeshi গ্রন্থে উঠে এসেছে তাঁর সংগ্রামমুখর জীবনের নানা অধ্যায়।

মৃত্যুকালে তিনি দুই কন্যা, ছয় নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।