সিলেট বিভাগের চার জেলায় সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ৭ লাখ টাকার প্রকল্পে ৫০টি সেলাই মেশিন বিতরণের ঘোষণা
সিলেট বিভাগের সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে (জিএসসি ইউকে)। সংগঠনটির উদ্যোগে সাত লাখ টাকা ব্যয়ে সিলেট বিভাগের চার জেলায় মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২০২৬’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ্ব আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর হাসানুজ্জামান খান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসুফ আলী, খালেদ চৌধুরী, সৈয়দ মমশাদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ। পরে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদানকারী দাতাদের নাম পাঠ করেন এম মুহিবুর রহমান মুহিব।
চার জেলায় ৫০টি সেলাই মেশিন বিতরণের ঘোষণা
অনুষ্ঠান চলাকালে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট এবং মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
তিনি জানান, মৌলভীবাজারে কর্মসূচির প্রথম পর্ব শুরু হলেও পর্যায়ক্রমে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও সেলাই মেশিন বিতরণ করা হবে। সাত লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় চার জেলার মোট ৫০ জন সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন প্রদানের পরিকল্পনা রয়েছে।
মোহাম্মদ মকিস মনসুর প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তাকারী দাতা, আয়োজক, স্বেচ্ছাসেবক, অতিথি ও উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ভবিষ্যৎ মানবিক ও সামাজিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
মানবিক উদ্যোগে প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা
এই কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদানকারীদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, সংগঠনের প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন, সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া এবং ট্রেজারার ও নারী নেত্রী হেলেন ইসলাম।
এ ছাড়া সহযোগিতা করেছেন সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুন নূর মোহন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা এবং ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া।
অন্যান্য দাতাদের মধ্যে রয়েছেন কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র সদস্য শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ অন্যান্য দানশীল ব্যক্তিরা।
মানবকল্যাণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কার্যক্রম
প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং সিলেট বিভাগের উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সেলাই মেশিন বিতরণ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। এতে তাঁরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বৃহত্তর সিলেটের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
**সংবাদ সূত্র:** শেখ নুরুল ইসলাম
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে
১৩ নভেম্বর ২০২৬
কমিউনিটির কথা বলে