যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহামে জনপ্রিয় আলেকজান্দ্রা পার্কে ছুরিকাঘাতের ঘটনায় ১৮ বছর বয়সী দুই তরুণ আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার কিছু আগে ওল্ডহামের পার্ক রোডে অবস্থিত আলেকজান্দ্রা পার্কের প্রবেশপথের কাছে দুই তরুণ আহত অবস্থায় পড়ে থাকার খবর পায় জরুরি সেবা বিভাগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা কর্মীরা।

পুলিশ জানিয়েছে, আহত দুই তরুণের শরীরে ছুরিকাঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিকভাবে আঘাত প্রাণঘাতী বা স্থায়ীভাবে জীবন পরিবর্তনকারী নয় বলে ধারণা করা হচ্ছে।


ঘটনার পরপরই পার্কের সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে পুলিশ। তদন্তের স্বার্থে সেখানে বিশেষায়িত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শনিবার সন্ধ্যায় প্রকাশিত পুলিশের বিবৃতি অনুযায়ী, তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ওল্ডহাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিটেকটিভ ইন্সপেক্টর কেলি প্যাটারসন জানিয়েছেন, দুই তরুণের আঘাত প্রাণঘাতী না হওয়া স্বস্তির বিষয়। তবে জনবসতিপূর্ণ এলাকায় ছুরি নিয়ে সহিংসতার কোনো স্থান নেই। এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে জানান, তদন্ত চলাকালে পার্ক ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার রাখা হবে। একই সঙ্গে তদন্তকাজ নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিশেষ করে ঘটনার সময় পার্কের ‘লায়ন্স ডেন’ (Lions Den) এলাকায় উপস্থিত থাকা ব্যক্তিদের কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পেছনের কারণ এবং কারা এতে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

তথ্য দেওয়ার আহ্বান: ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে 2243 of 21.11.26 রেফারেন্স উল্লেখ করতে বলা হয়েছে। পরিচয় গোপন রেখে তথ্য দিতে ক্রাইমস্টপার্সের 0800 555 111 নম্বরেও যোগাযোগ করা যাবে।