যুক্তরাজ্যে অভিবাসন ও আশ্রয়নীতি কঠোর করতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের উত্থাপিত বিল হাউস অব কমন্সে পাস হয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর চূড়ান্ত ভোটে বিলটির পক্ষে ভোট দেন ২৯০ জন এমপি, বিপক্ষে ৯৪ জন। সরকার ১৯৬ ভোটের ব্যবধানে জিতলেও ক্ষমতাসীন লেবার পার্টির ১৪ জন এমপি বিলটির বিরোধিতা করেন। তাঁদের মধ্যে রয়েছেন ডায়ান অ্যাবট, জন ম্যাকডোনেল, নাদিয়া হুইটোম ও বেল রিবেইরো-অ্যাডি।


বিলটির অন্যতম লক্ষ্য আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করা। এ জন্য ফেরত পাঠানোর আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অভিবাসনসংক্রান্ত আপিল শুনতে একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠনের কথাও রয়েছে। শাবানা মাহমুদের ভাষ্য, এসব পরিবর্তন বিদ্যমান আইনের ফাঁকফোকর বন্ধ করবে।


শরণার্থীদের প্রাথমিক বসবাসের অনুমতির মেয়াদে পরিবর্তন অবশ্য আগেই কার্যকর হয়েছে। হোম অফিসের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ বা তার পরে যাঁরা আশ্রয়ের আবেদন করেছেন, শরণার্থীর মর্যাদা পেলে তাঁরা সাধারণত প্রথম দফায় ৩০ মাস বা আড়াই বছর যুক্তরাজ্যে থাকার অনুমতি পান।


কমন্সের বিতর্কে দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি বা সেটেলমেন্টের প্রশ্নেও লেবারের ভেতরে মতভেদ উঠে আসে। লেবার এমপি নিল ডানকান-জর্ডানের সংশোধনীতে প্রস্তাব করা হয়েছিল, কেউ কাজের ভিসা পাওয়ার পর তাঁর জন্য স্থায়ী বসবাসের অপেক্ষার সময় বাড়ানো বা যোগ্যতার শর্ত আরও কঠোর করা যাবে না। সংশোধনীর পক্ষে ৪৪ জন এবং বিপক্ষে ৩৬৮ জন ভোট দেওয়ায় প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।


বিলটি এখন পর্যালোচনার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে যাচ্ছে। সেখানে এর ধারাগুলো নিয়ে আরও বিতর্ক ও সংশোধনী প্রস্তাবের সুযোগ থাকবে।