প্রবাসীদের কল্যাণ ও সিলেটের উন্নয়নে ১৭ লাখ টাকার মানবিক প্রকল্প গ্রহণ

প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বার্মিংহামের স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও হাজি কবির উদ্দিন। এছাড়া কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সিলেট বিভাগের চার জেলার অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ৫০টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকা এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর প্রবাসীদের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজসহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর জোর দাবি জানান।

প্রবাসীদের কল্যাণ, সিলেটের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।