আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলোচিত নারীর নাম অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। তবে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে স্ত্রী ও পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। নিজের আচরণের সম্পূর্ণ দায়ও স্বীকার করেছেন তিনি।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, এই সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠানের গোপন ব্যবসায়িক তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য বিদেশি গোয়েন্দাদের কাছে পৌঁছেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
এদিকে মার্কিন কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা আগামী ১৮ নভেম্বর জেনসেন হুয়াংকে একটি রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তবে এনভিডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠানের গোপন তথ্য বা জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলাকালেও জেনসেন হুয়াং প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে উন্নত এআই চিপ ও সংবেদনশীল প্রযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে সন্দেহভাজন নারীর গুপ্তচরবৃত্তি কিংবা জেনসেন হুয়াংয়ের মাধ্যমে কোনো গোপন তথ্য পাচারের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
কমিউনিটির কথা বলে