সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ চাচা ফরিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিকে নানাবাড়ি পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। এ সময় ফরিদ মিয়া কৌশলে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে শিশুটির চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, মামলা দায়েরের পর বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।