প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নে তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রথম যৌথ সভা।

শুক্রবার, ১৩ নভেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হোটেলে আয়োজিত সভায় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ১১ দফা দাবিসংবলিত ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।

সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সংগঠনের ১১ দফা ঘোষণাপত্র পাঠ করেন সহসভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম।

এ সময় বক্তব্য রাখেন সহসভাপতি ব্যারিস্টার আতাউর রহমান ও রফিক হায়দারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইন বলেন, সম্প্রতি বাংলাদেশ সফরকালে সরকারের একাধিক মন্ত্রী এবং সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে তাঁর আলোচনা হয়েছে।

তিনি প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সুপরিকল্পিত ও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব প্রবাসী বাংলাদেশিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, প্রবাসীদের অধিকার, সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখবে সংগঠনটি।