গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে ওল্ডহ্যামের রিপনডেন রোডে (Ripponden Road) এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা কর্মীরা। আহত কিশোরীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়।
দুর্ঘটনার পর কেস্টন রোড ও ব্রডবেন্ট রোডের মধ্যবর্তী অংশে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থল ঘিরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত সংবাদ অনুযায়ী, কিশোরীর শারীরিক অবস্থা জীবনসংকটাপন্ন। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।
কমিউনিটির কথা বলে